
আপন ঘর ডেস্ক
Published:25 Feb 2025, 05:12 AM
শেয়ার কারসাজির অভিযোগে সালমান এফ রহমানের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুদক জানায়, সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তদন্তাধীন। এছাড়া, সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগও রয়েছে।
অবরুদ্ধ ৩৭২টি ব্যাংক হিসাবের মধ্যে সালমান এফ রহমানের তিনটি ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের দুটি হিসাব রয়েছে। বাকি হিসাবগুলো তার পরিবারের অন্যান্য সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে রয়েছে।
এর আগে, ১৩ জানুয়ারি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সালমান এফ রহমানের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক করে। এসব সম্পদের মধ্যে ঢাকার দোহারে প্রায় দুই হাজার শতাংশ জমি ও গুলশানের একটি ফ্ল্যাট রয়েছে।
সিআইডির তদন্তে আরও জানা যায়, রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করা হয়। বিদেশে অর্থ পাচারের অভিযোগেও মামলা হয়েছে, যেখানে প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলার লোপাটের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ রয়েছে, রাষ্ট্রের অনুমতি ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ‘আর আর গ্লোবাল ট্রেডিং’ ও ‘আর আর হোল্ডিং লিমিটেড’ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ পাচারের কার্যক্রম পরিচালনা করেছেন তারা।