
আপন ঘর ডেস্ক
Published:12 Aug 2024, 03:47 AM
শেয়ার বিক্রির চাপের মধ্যেও রোববার সূচকের উত্থানে পাঁচ কোম্পানি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দুই বছরের মধ্যে লেনদেন আবার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার ঢাকার বাজারে ২ হাজার ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রায় দুই বছর পর এটিই ঢাকার বাজারের সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে শেয়ারবাজারে বড় ধরনের উত্থান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এদিন লেনদেন যেমন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে, তেমনি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছাড়িয়েছে ৬ হাজার পয়েন্ট। ডিএসইর প্রধান সূচকটি ৯১ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ১৬ পয়েন্টে। গত পাঁচ মাসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ১১ মার্চ ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ৫৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।
ঢাকার বাজারে গতকাল রোববারও লেনদেন শুরু হয় সূচকের বড় উত্থান দিয়ে। প্রথম ৩০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচকটি ২৯১ বেড়ে ৬ হাজার ২১৮ পয়েন্টে। পরে শেয়ার বিক্রির চাপে সূচকটি কমে যায়। একপর্যায়ে ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে যায়। শেষ দেড় ঘণ্টায় আবার ঘুরে দাঁড়ায় সূচকটি। এতে দিন শেষ হয় বড় উত্থানে। এ উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ভালো মৌল ভিত্তির কোম্পানিগুলো।
শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে রোববার সূচকের উত্থানে সবচেয়ে বেশি যে পাঁচটি কোম্পানির বড় ভূমিকা ছিল, সেগুলো হলো ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ও রবি আজিয়াটা। এই পাঁচ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৬৭ পয়েন্ট। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারের ৪ টাকা মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। গ্রামীণফোনের ২৮ টাকা মূল্যবৃদ্ধিতে ১৭ পয়েন্ট, ব্র্যাক ব্যাংকের প্রায় ৩ টাকা মূল্যবৃদ্ধিতে ১২ পয়েন্ট, বিএটির সাড়ে ১৭ টাকা মূল্যবৃদ্ধিতে ১২ পয়েন্ট ও রবি আজিয়াটার শেয়ারের দাম ৩ টাকা বৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৭ পয়েন্ট।
ঢাকার বাজারে রোববার লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন। এ নিয়ে টানা চার দিন কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। তাতে চার দিনেই এটির শেয়ারের দাম ৯৯ টাকা বা ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ টাকায়। গতকাল এক দিনেই ঢাকার বাজারে কোম্পানিটির ১৩৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।