logo

সমালোচনার মধ্যেই দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপন ঘর ডেস্ক

Published:09 Jun 2025, 04:42 AM

সমালোচনার মধ্যেই দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ


আলোচিত মামলার পর বিতর্ক ও সমালোচনার মুখে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর রাত তিনটার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গেছে, আবদুল হামিদের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান। বিমানবন্দরে তাঁকে হুইলচেয়ারে নামিয়ে আনা হয়। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, তিনি সাধারণ যাত্রীর মতোই দেশে প্রবেশ করেছেন।

গত ৭ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আবদুল হামিদ দেশ ছেড়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে মামলা থাকার তথ্য প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আবদুল হামিদ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনকে আসামি করা হয়। মামলাটি গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় রুজু হয়।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ঘিরে সারাদেশে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি, হজরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং দুজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।-সূত্র : প্রথম আলো