
স্টাফ করেসপন্ডেন্ট
Published:14 Mar 2024, 07:00 AM
সাকিবেই বদলেছে বাঁক মানছেন মুশি
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ে যেন ছেলে খেলা করছিল সফরকারী শ্রীলঙ্কা। উইকেটের বালাই নেই, তাছাড়া পাওয়ার প্লে অবধি ওভার প্রতি রানও নিচ্ছিল সাত, আট গড়ে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, দলীয় রান বুঝি আজ আকাশ ছোঁবে। ঠিক তখনই ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হয়ে টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে টাইগাদের ম্যাচে ফেরান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তাইতো তাকেই দলের বাঁক বদলের নায়ক বলে আখ্যা দিলেন মুশফিকুর রহিম।
সাকিববের পর একে একে লঙ্কানদের ধ্বংসলীলায় শামিল হন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তাতে ২৫৫ রানের মাঝারি সংগ্রহে গুটিয়ে যায় সফরকারীরা। যা টাইগাররা টপকে যায় স্রেফ ৪ উইকেটের খরচায়। ফলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেও সতীর্থ বোলারদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেনি সাবেক এই টাইগার দলপতি।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে মুশি বলেন, ‘সাকিব আমাদের পুরো ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট ওই জায়গাটাই। খুব ভালো সময়ে তিনটি উইকেট নিয়েছে। এরপর তাসকিন ও শেষে শরিফুল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে.....সবমিলে আমি বলব, বোলিং ও ফিল্ডিং আমাদের অসাধারণ ছিল।’
এদিন ৮.৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন সাকিব। তাসকিন, শরিফুলও নেন তিনটি করে উইকেট। অপর উইকেটের শিকারি মিরাজ।