
আপন ঘর ডেস্ক
Published:19 Aug 2024, 05:40 AM
সাড়ে তিন কোটি শেয়ার বেচবে এসবিএসি ব্যাংকের প্লেসমেন্ট শেয়ারহোল্ডার!
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার থারমেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের কাছে থাকা এসবিএসি ব্যাংকের ৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৭৭৮ শেয়ারের মধ্যে ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবে থারমেক্স টেক্সটাইল। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
একই দিন ব্যাংকটির সাবেক পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডার মো. নাওয়াজের হাতে থাকা এসবিএসির ৭০ লাখ ৬৫ হাজার শেয়ার তার স্ত্রী সুফিয়া বেগমকে উপহার হিসেবে প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮৮ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৬৬ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৫০ থেকে ১৩ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৪ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে এসবিএসি ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ২ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসবিএসি ব্যাংক। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২ পয়সায় (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৩ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।