logo

সৌদি নাগরিককে জীবনসঙ্গী পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

আপন ঘর ডেস্ক

Published:01 Dec 2024, 05:36 AM

সৌদি নাগরিককে জীবনসঙ্গী পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সাধারণত টাকা, সোনা, রূপা, ও বৈদেশিক মুদ্রা জমা পড়ে। তবে এর পাশাপাশি মসজিদের দানবাক্সে পাওয়া যায় মানুষের মনের গোপন কথা লেখা চিঠিও। এইবার এমনই একটি চিঠি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চিঠিতে এক নারী প্রার্থনা করেছেন সৌদি আরবের এক নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য।

চিঠিতে লেখা,
"আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ, তুমি তাকে আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করতে পারি (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি যেন তোমার পবিত্র মাটিতে জন্মানোর সৌভাগ্য নিয়ে মক্কার কোনো দ্বীনদার, সুদর্শন ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারি।"

অন্য এক চিঠিতে প্রার্থনা জানানো হয়েছে সুন্দর, স্লিম ও আকর্ষণীয় শরীরের জন্য। চিঠির ভাষায়,
"আল্লাহ, তুমি আমাকে সারাজীবনের জন্য চিকন বানিয়ে দাও। আমি আর আমার পাতিবাবু যেন একসঙ্গে থাকতে পারি। আমাদের জীবনে যেন কোনো বাঁধা না আসে। জান্নাতেও যেন আমার পাতিবাবু কোনো হুর না পায়।"

এই চিঠিতে লেখা আরও কিছু অদ্ভুত আকাঙ্ক্ষা সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি করেছে।
"আল্লাহ, তোমার কোনো জাদুর পুকুর দাও যেখানে ডুব দিয়ে আমি সুন্দর হতে পারি। আমার মুখের দাগ দূর হয়, চুল বড় হয়, আর আমি সারাজীবন কম বয়সী দেখাই।"

এছাড়াও, চিঠিগুলোর মধ্যে পাওয়া গেছে ভালোবাসায় প্রত্যাখ্যাত এক ব্যর্থ প্রেমিকের আর্তি।
"প্রিয় খাদিজা আক্তার লিপি, তোমার স্মৃতি নিয়ে আজীবন বাঁচব। তুমি নেই, কিন্তু তোমার জন্য আমি মানত করলাম। তুমি একদিন আমার হবে, এ আশায় বেঁচে আছি।"

রেকর্ড পরিমাণ দান
শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলার পর পাওয়া গেছে রেকর্ড পরিমাণ দান। সর্বমোট সংগ্রহ হয়েছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রা ও সোনা-রূপার অলংকারও পাওয়া গেছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এমন বৈচিত্র্যময় চিঠি ও দানের খবর মসজিদটির প্রতি মানুষের গভীর আস্থা ও আবেগকে নতুন মাত্রায় নিয়ে গেছে।