logo

‘এপ্রিল নির্বাচন অনুপযুক্ত’, সরকারের রোডম্যাপ নিয়ে বিএনপির আপত্তি

স্টাফ করেসপন্ডেন্ট

Published:07 Jun 2025, 07:29 AM

‘এপ্রিল নির্বাচন অনুপযুক্ত’, সরকারের রোডম্যাপ নিয়ে বিএনপির আপত্তি


এপ্রিল মাসকে জাতীয় নির্বাচনের জন্য অনুপযুক্ত আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, “রোজা, গ্রীষ্মের তাপদাহ ও পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নয়। চিন্তাভাবনা ছাড়া এই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।”

তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটিই হলে জাতির জন্য মঙ্গলজনক হবে।”

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শুক্রবার (৬ জুন) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে অধিকাংশ দলের মত উপেক্ষা করছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং অবাধ নির্বাচনের সম্ভাবনা নিয়ে জনগণ উদ্বিগ্ন।”

এর আগে রাত ৯টা থেকে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির দাবি, সর্বসম্মত রাজনৈতিক পরিবেশ এবং বাস্তব বিবেচনা না করে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মানহানিকর।